যশোরের চৌগাছায় রকি হোসেন (২০) নামে এক ইজিবাইক চালককের লাশ নিখোঁজ হওয়ার চার দিন পর উদ্ধার করেছে যশোর পুলিশ (পিবিআই)। গতকাল রোববার ভোরে চৌগাছা পৌর শহরের বেড়বাড়ির খাল থেকে রকির লাশ উদ্ধার করা হয়। রকি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের কৃষক লিয়াকত হোসেনের ছেলে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা সারমিন বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো, পুড়াহুদা গ্রামের কষাই শরিফুর ইসলামের ছেলে ও তরিকুল ইসলাম পৌর কলেজের ছাত্র সোহানুর রহমান (১৯), ইছাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম সজল (১৬), পাঁচনামনা গ্রামের কামাল হোসেনের ছেলে সুজন হোসেন (১৭)।
নিহত রকির মা সায়েরা বেগম জানায়, গত বৃহস্পতিবার সকালে ইজিবাইকনিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। তাকে না পেয়ে রকির কৃষক বাবা লিয়াকত হোসেন চৌগাছা থানায় একটি সাধারণ ডাইরি করেন। এর পরেও তাকে না পেয়ে রকির নিকটাত্মীয় সেনা সদস্য আক্তারুল ইসলাম বিষয়টি যশোরের পুলিশ সুপারকে জানায়। পিবিআই ফোন ট্রাকিং করে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে জানিয়েছে, রকি সোহানের বাল্যবন্ধু। সে বৃহস্পতিবার সন্ধ্যায় রকিকে ফোনে ডেকে নিয়ে চারজন একসাথে গাঁজা সেবন করে। পরে ইজিবাইক ছিনতাইয়ের জন্য রকিকে শ্বাসরোধে হত্যা করে লাশ বেড়বাড়ি ভৈরব নদের পটের নিচে পুঁতে রাখে।
চৌগাছা থানার ওসি কামাল হোসেন জানান, লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।