বিয়ে করেছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। কয়েক দিনের আলোচনার পর অবশেষে নিজেই এর সত্যতা স্বীকার করে তা প্রকাশ্যে আনলেন। জানালেন তার স্বামীর নাম প্রভীন। গতকাল সকালে তমালিকা প্রভীনের সাথে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, শুভ বিয়েবার্ষিকী প্রভীন। তবে কবে কোথায় তারা বিয়ে করেছেন তা প্রকাশ করেননি তিনি। জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগেই হয়েছে। খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দু’জনের কেউই খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সাথে প্রভীনের পরিচয়। এরপর তারা দু’জন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।
পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা কর্মকার। মাঝে মধ্যে দেশে আসেন। নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে ২০২৩ সালেও এসেছিলেন তিনি। পরের বছর আবার এসেছিলেন। তমালিকার অভিনয় শুরু মঞ্চ থেকে। ১৯৯২ সালে আরণ্যকের প্রযোজনায় মামুনুর রশীদের লেখা নাটক ‘পাথর’ দিয়ে তার অভিনয় শুরু। এরপর এই নাট্যদলের ইবলিশ, জয়জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, রাঢ়াঙ, বিদ্যাসাগর, ময়ূর সিংহাসনসহ আরো কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে তিনি।