ভোলার মনপুরায় বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে অনন্ত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে চরফ্যাসন-মনপুরা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম আলমের সমর্থক ১০ জন ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থক পাঁচজন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেনÑ নাজিম উদ্দিন আলম সমর্থিত ইয়াছিন, মামুন, মাকছুদ, সাগর, শামীম, হেলাল, আলাউদ্দিন, রাকিব, নুরু ও মাইনুদ্দিন। অন্য পক্ষের নুরুল ইসলাম নয়ন সমর্থিত সুজন, রাসেল, সালাউদ্দিন, সাদ্দাম ও হাসেম। এদের সবার বাড়ি উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলম নগরের।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তখন স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতারা বসে সমাধান করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু এত দিনে সমাধান না হওয়ায় ফের গতকাল সোমবার কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়।
এই ঘটনায় উপজেলা বিএনপির দুই গ্রুপ ও ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের কোনো নেতা কিছু বলতে রাজি হননি। তবে আহতরা নিজেদের বিএনপির দুই গ্রুপের সমর্থক ও নেতাকর্মী দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: কবির সোহেল জানান, মারামারি ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আহসান কবির জানান, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



