জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সঙ্ঘ।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে কুইজ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সংগঠনটি তরী স্কুলের শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো: শামছুল আলম সেলিম, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তামালিকা সুলতানা এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম রোহান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও তরীর সভাপতি শাফায়াত মীর।
শিক্ষাসামগ্রী বিতরণের সময় অধ্যাপক ড. মো: শামছুল আলম সেলিম বলেন, ‘লাল সবুজ সঙ্ঘের এরকম শিক্ষামূলক কাজ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরো বিস্তৃত করতে হবে।’
অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘আজ যেসব শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো, তারা আমাদের কাছে অত্যন্ত স্নেহের। এই ক্যাম্পাসে বসবাসরত সকল শিশুরা আদর ও মমতায় বেড়ে উঠুক, এটাই আমাদের কামনা।’
লাল সবুজ উন্নয়ন সঙ্ঘের সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, ‘আমরা সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এর অংশ হিসেবে আজকের এই আয়োজন করেছি। লাল সবুজ উন্নয়ন সঙ্ঘ সারা দেশে মাদক ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।’
৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে খাতা, কলম, পেন্সিল ও ইরেজার বিতরণ করেছে সংগঠনটি। উপহার পেয়ে শিশুরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে।



