ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার শিক্ষক এবং শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। কমিটিকে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট উপস্থাপন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ জানুয়ারি স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত ১৫ বছর (২০০৯-২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এ সময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার একটি বিবরণ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ইউনিটের আহ্বায়কদের সহযোগিতায় আগামী ১ মাসের মধ্যে একটি রিপোর্ট প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি রিপোর্টটি চূড়ান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা নিতে দাবি জানাবে। সাদা দলের সমর্থক-শিক্ষকরাসহ সংশ্লিষ্টরা কমিটিকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।