রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। উক্ত মারামারিতে আহতরা হলেন- ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আলামিন (২৪)।
সংঘর্ষে আহত আল আমিন নামে এক শিক্ষার্থী জানান, গত সোমবার যাত্রাবাড়ী এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখান নাঈম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থীকে ও আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল, আশিকসহ আরো কয়েকজন। তারাও বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনার মীমাংসার জন্য গতকাল দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল। সে অনুযায়ী সবাই সেখানে উপস্থিত হন। একপর্যায়ে কার্যালয়ের ভেতরে তাদের পিটিয়ে আহত করা হয়। এতে অন্তত ১০ জন আহতের দাবি করেন তিনি।
চিকিৎসকের বরাতে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, জরুরি বিভাগে এখন পর্যন্ত সাতজনকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে সমন্বয়ক রিফাদ রশীদ বলেন, আমরা কারও ওপর হামলা করিনি। যাত্রাবাড়ীর একটা গ্রুপ এসে এখানে ঝামেলা করছে। ছাত্র অধিকার পরিষদের একটা গ্রুপ এই কাজ করেছে।
আহতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউই নয় বলে বিবৃতি দিয়েছে সংগঠনটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।