তাবলিগ জামাতের দুইপক্ষের মধ্যে চলমান বিরোধ নিরসনের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড় শহরের মকবুলার রহমান সরকারি কলেজে সচেতন ছাত্রসমাজের ব্যানারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মকবুলার রহমান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুর আলিফ। এ সময় ৩টি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রস্তাবগুলো হলো উভয়পক্ষ যেন তার সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে জোড়, ইজতেমাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা, কাকরাইল মসজিদ, ইজতেমা ময়দান ও দেশের প্রতিটি মসজিদে উভয়পক্ষের আমলের সমতা নিশ্চিত করা এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা। এ ছাড়া ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে ছাত্ররা জানান, তৃতীয় পক্ষের উসকানিতে তাবলিগের মধ্যে দুইপক্ষের সঙ্ঘাত মুসলমানদের সম্পর্কে দেশে ও দেশের বাইরে নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে। দিন দিন দুইপক্ষের মধ্যে বৈষম্য ও সঙ্কট বাড়ছে। সঙ্কটের কারণে বাইরের দেশ থেকে তাবলিগের অনুসারীরা ইজতেমায় আসতে দ্বিধায় পড়ছেন। এভাবে চলতে থাকলে সঙ্ঘাত বাড়ার পাশাপাশি হাজার হাজার বিদেশী মেহমানদের মাধ্যমে দেশের যে আয় হতো সেটিও বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত বিরোধ নিরসনের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান তারা। দুইপক্ষকে এক করা সম্ভব না হলেও স্বাধীন ও শান্তিপূর্ণভাবে উভয়পক্ষ যেন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই দাবি জানান ছাত্ররা।
এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসার ফাজিলের ছাত্র ফিরোজ আলম, মকবুলার রহমান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র রাকিন আবসার, ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র রিফাত হোসেন ও জগদল ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।