গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক অগ্নিকাণ্ডে ১০ পরিবারের বাড়িঘর, নগদ টাকা, আসবাবপত্র ও মোটরসাইকেলসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে পুড়ে সাতটি গরুও মারা গেছে। গতকাল বুধবার উপজেলার শালমারা ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ওই গ্রামের শাহ আলম, শরিফুল ইসলাম, শহিদ ইসলাম, শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, মিটু ইসলাম, ইমরান আলী, আব্দুর রশিদ, আনারুল ইসলাম ও প্রতিবশীদেরসহ মোট ১০ পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে।
শালমারা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পলাশ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গম এলাকা হওয়ায় দমকল বাহিনী আসার আগেই বাড়িগুলো পুড়ে যায়। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেন শালমারা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাশেম, সেক্রেটারি খলিলুর রহমান।



