নাটোরের বড়াইগ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পুর্ণকলস গ্রামে নাটোর-পাবনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনকালে মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, মালয়েশিয়া প্রবাসী রকিবুল হাসান, সমাজসেবক আব্দুল জলিল ও তাছন আলী, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রতন সরকার এবং গৃহবধূ নাসরিন বেগম ও রিতা খাতুন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পুর্ণকলস গ্রামের তারেক ভূঁইয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে স্থানীয় ছাত্র ও যুব সমাজ বিপথগামী হওয়াসহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। গত রোববার প্রতিবেশীরা মাদক বিক্রিতে বাধা দিলে তারেক ও তার স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে চারজনকে কুপিয়ে জখম করে।



