মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৯ বোতল মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে লৌহজং থানার পুলিশ দক্ষিণ মশদগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামি আবদুস ছাত্তার খানের ছেলে মো: লিয়াকত হোসেন খানের (৩৭) বসতবাড়ি থেকে ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। বসতঘরের বারান্দায় খাটের নিচে লুকিয়ে রাখা এ মদগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ৮ বোতল হুইস্কি ও ১ বোতল ভদকা রয়েছে। উদ্ধারকৃত মদের পরিমাণ ৬ দশমিক ৭৫০ মিলিলিটার, যার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহা: হারুন অর রশিদ জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।