নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে সাধারণ পোশাক পরিহিত অবস্থায় ইমরান নামে এক সদস্য এবং মাসুম নামে এক মাদক কারবারীকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পুলিশ সদস্যের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি রূপগঞ্জ থানায় কর্মরত। ঘটনার দিন তার ডিউটি ছিল বাণিজ্যমেলায়। মাসুম নামে আটক অপরজন উপজেলার মারুয়াদী দেওয়ানপাড়া গ্রামের মো: নাঈমের ছেলে। তিনি মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত। স্থানীয়রা তাদের বিচার চান।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী হাসান জানান, সন্দেহজনকভাবে ইমরানকে আটক করা হয়েছে। জনগণের দাবি তিনি ওই এলাকায় এসে বিভিন্ন অপকর্ম করেন। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সাধারণ জনতা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। এর মাঝে একজন পুলিশ কনস্টেবল ইমরান। আপর জন মাদক কারবারী মাসুম। ইমরান ঘটনাস্থলে কী কারণে গিয়েছেন তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করেছি।