দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে আল আমিন (২৬) নামের বাংলাদেশী এক কৃষককে সকালে ধরে নিয়ে যাওয়ার পর বিকেলে ছেড়ে দিয়েছে বিএসএফ। আল আমিন উপজেলার দ্বীপনগর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার সকালে দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে ইউপি সদস্য আবু সুফিয়ান ও আল আমিনের পরিবারের লোকজন বিজিবির নিকট বিষয়টি জানান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম। পরে বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে কৃষক আল আমিনকে ছেড়ে দেয় বিএসএফ। আটকের কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।



