পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হলের ভেতরে তার কক্ষে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় হলের ৫২৬ নম্বার কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল কর্মীরা হলেন সৈকত, শিহাব, ইমন, ওমর ফারুক ও জাকির। এরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামের অনুসারী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মুরাদ হাসান। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র।
মুরাদ হাসান বলেন, আমি এবং ছাত্রদল কর্মী ওমর ফারুক হলের ৫২৬ রুমে থাকি। গতকাল রাতে ৩টায় ওমর ফারুক আমাকে ঘুম থেকে ডেকে তুলে আমি নাক ডাকছি বলে বকাঝকা করেন। এ নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন শুক্রবার জুমার নামাজ শেষে বিকেলে ওমর ফারুক শিহাব, সৈকত, ইমন, জাকিরসহ কয়েকজন আমাদের রুমে এসে আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে একটি ব্যাট নিয়ে মুরাদকে মারতে গেলে অন্য রুমমেটরা এসে তাদের থামান। এরপর ছাত্রদলের কর্মীরা রুম ত্যাগ করে চলে যান। পরে অন্য রুমের শিক্ষার্থীরা এসে মুরাদকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য পাবনা সদর হাসপাতালে নিয়ে যান।
অভিযুক্ত শিক্ষার্থী ওমর ফারুকের কাছে বিষয়টি জানার জন্য ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত শিহাব বলেন, আমি মারধরের সাথে জড়িত ছিলাম না। আমি ঝামেলা মেটাতে রুমে গিয়েছিলাম। অভিযুক্ত ইমন বলেন, আমি মারধরের সময় রুমে ছিলাম না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, ঝামেলাটা ওদের ব্যক্তিগত। এটার সাথে আমার দলের কোনো সম্পর্ক নেই। প্রশাসন এ ব্যাপারে যে ব্যবস্থা নেয় আমরা সেটা মেনে নিবো।



