নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা একটা ক্রান্তির পথে আছি। সামনে যাওয়ার একটাই পথ, সেটা হলো ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো কিছুই বাধা হতে পারবে না। এখনই বিবদমান দু’টি পক্ষের বসা উচিত। গতকাল শুক্রবার জেলার শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জে জেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি এস এম আকরামের স্মরণ সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মান্না বলেন, ঝগড়াটা যারা করছেন- একদিকে আছেন মির্জা ফখরুল, আরেক দিকে আছেন আরেকজন। বসা উচিত। এমন যদি চলতে থাকে তাহলে দু’টি পক্ষ একে অপরের মুখোমুখিই দাঁড়াবে। তিনি আরো বলেন, এখানে সবাই আছে। আমি রাজনীতি করি। চেষ্টা করব রাজনীতিতে থাকার। আমার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রতিপক্ষ ছিল ওবায়দুল কাদের। তিনি কোথায় ছিলেন, আমি কোথায় ছিলাম। আজ তিনি কোথায়, আমি কোথায়। তিনি আমাকে বলতেন সারা জীবন এত সংগ্রাম করলেন কিছু করতে পারলেন না। আমি মাহমুদুর রহমান মান্না আর তিনি ওবায়দুল কাদের। পরের বিশেষণটা বললাম না। আমি অনেক ভালো আছি।
মান্না বলেন, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলতেন, দেশের কী উন্নতি হচ্ছে দেখছেন না। আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। সেই প্রধানমন্ত্রীর কাছে আপনারা জানতে চাইবেন না কিভাবে আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হলো?



