গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী বন্ধুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মহানগরীর আমবাগ খোলাপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের হরিণাচালা হাউজিং এলাকার হাফিজুর রহমান রিপন (৪৫) এবং মাহমুদুল হাসান চঞ্চল (৩৮)। তাদের মধ্যে রিপন পেশায় ঝুট ব্যবসায়ী এবং চঞ্চল স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাদির উজ্জামান জানান, রাত পৌনে ১০টার দিকে ওই দুই ব্যবসায়ী একটি মোটরসাইকেলে কালিয়াকৈরের সাকাশ্বর এলাকায় যাচ্ছিলেন। পথে আমবাগ খোলাপাড়া এলাকায় রেল ক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী হতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা করে।



