দৈনিক আমাদের সময় ও ইনডিপেডেন্ট টিভির নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১২টায় নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর জখম নাজমুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। নাজমুলের ছোট ভাই নয়ন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র জানায়, নাজমুল হোসেন শনিবার রাতে নবাবগঞ্জ এতিমখানার ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে বান্দুরা ব্রিজ পার হলে ডাকাতরা তার পথরোধ করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। আহত নাজমুলকে বাজারের নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে রাত দেড়টায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এমন ঘটনার কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতা তা জানার চেষ্টা করছি। কারণ বিগত সময়ে ব্যক্তিগত দ্বন্দ্বে নাজমুলের বিরুদ্ধে থানায় জিডি ও ওয়ারেন্ট ছিল।



