বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিক উপজেলার সরই ইউনিয়নের পানের বরজে কাজ করতেন। গতকাল রোববার ভোরবেলা এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো: কালু (৫০) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে পাহাড় থেকে হাতির একটি দল খাবারের খোঁজে আসে। ওই সময় দলটি খামারের একটি ঘরে ঢুকে পড়ে। তখন হাতির আক্রমণে ঘরে ঘুমিয়ে থাকা কালু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা বন বিভাগের কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, হাতির আক্রমণে কালু নামে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে। এ দিকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লামা থানার ওসি শাহাদাৎ হোসেন।