রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার দেবীপুরে খড়বোঝাই গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইউএস বাংলা এয়ারলাইন্স অফিসার জাহিদ আলম (৪৫) ও পলাশ হোসেন (২৬)। তাদের মধ্যে নিহত জাহিদ আলম ইউএস-বাংলার সিনিয়র অ্যাক্সিকিউটিভ অফিসার হিসেবে রাজশাহীতে কাজ করতেন। তার বাবার নাম রফিকুল ইসলাম। এছাড়া পলাশ নামে অপরজন মোটরসাইকেলচালক।
তার বাবার নাম মরহুম জাহাঙ্গীর আলম। নিহতদের বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল এলাকায়।
এ ঘটনায় আহত হয়েছেন ভূপেন (২৬) ও রিয়াজ (৩০) নামে আরো দু’জন মোটরসাইকেল আরোহী। তাদের গ্রামের বাড়ি তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মুণ্ডুমালা-তানোর সড়কে এ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ওই দুই মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা গেছেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে বলে জানান তিনি।



