অপহরণের ২৪ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীকে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তরচর থেকে তরুণীকে অপহরণ করে বখাটেরা। তাকে ঢাকার একটি বাসায় রেখে এলাকায় চলে যায় ওই তিন বখাটে।
পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, গত শনিবার রাত ৯টায় বাড়ির সামনে থেকে ২১ বছর বয়সী তরুণীকে মুখ বেঁধে অপহরণ করে তিন বখাটে। তাকে ঢাকায় মোহাম্মদপুর এলাকার একটি বাসায় রাখা হয়। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গত রোববার দুপুরে এ ঘটনায় ভিকটিমের বাবা মোজাম্মেল হোসেন নবাবগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার বর্ধনপাড়া থেকে সাকিব খান (২১), ছোট রাজপাড়া থেকে গিয়াস ওরফে সিয়াম (১৯) এবং ছোট বক্সনগর থেকে সেজান ওরফে রাফিকে (২০) গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, অপহরণ হওয়া যুবতীকে ঢাকার একটি বাসায় রাখা হয়েছে। পুলিশ ওই তিন জনকে সাথে নিয়ে গত রোববার রাতে তরুণীকে উদ্ধার করে। সোমবার সকালে এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা করেছেন তরুণীর বাবা।



