জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় পুলিশের হাত থেকে জীবন বাঁচাতে নির্মাণাধীন বহুতল ভবনের জানালায় ঝুলে ছিলেন আমির হোসেন (১৮)। এ সময় তাকে বেশ কয়েকটি গুলি করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকার। আলোচিত এ ঘটনায় রোববার (২৬ জানুয়ারি) রাতে এ পুলিশ কর্মকর্তাকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে রোববার রাতে চঞ্চল চন্দ্র সরকারকে আটক করা হয়। এ সময় ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তাদের সাথে ছিল। তবে ঘটনার সময় সেখানে উপস্থিত থাকলেও গুলি করার বিষয়টি স্বীকার করেননি চঞ্চল চন্দ্র সরকার। গ্রেফতারের পর পুলিশি পাহারায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, ডিএমপি থেকে পোস্টিং হয়ে তিনি খাগড়াছড়ি জেলায় আসেন। পরে গত ৭ নভেম্বর থেকে তিনি দীঘিনালা থানায় কর্মরত ছিলেন।



