সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানকে গতকাল মিরপুর থানার একটি হত্যা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: মনিরুল ইসলাম। পরে ৬ দিনের রিমান্ড মনজুর করেন আদালত। আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অপর দিকে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে গত রোববার মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। তার গ্রেফতারের ব্যাপারে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, গোপন সংবাদ পেয়ে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ড শুনানিতে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ডা: এনামুর রহমান কোনো রাজনীতিবিদ নন।
তিনি রানা প্লাজা ধসের সময় এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে আলোচনায় আসেন। এ পরিচিতির সুবাদে তার ফ্যাসিস্ট সরকারের সাথে সখ্য তৈরি হয়। এরপর বিনাভোটে এমপি নির্বাচিত হন এবং তাকে প্রতিমন্ত্রী বানানো হয়। তিনি ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছেন এবং সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলন দমনে পরামর্শ ও অর্থ দিয়ে সহায়তা করেছেন। ভবিষ্যতে যাতে কেউ এই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে এজন্য তার দোসর ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এরপর আসামিপক্ষে আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডা: এনামুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি হকার সাগর হত্যা মামলার ইন্ধনদাতা। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার মূল রহস্য উদঘাটন ও পলাতক অন্যান্য আসামিকে গ্রেফতার করা যাবে।
জানা যায়, ডা: এনামুর রহমান ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের রাতের ভোটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয়লাভ করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।



