সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ষষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল অব: ড. মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী রঙ-বেরঙের বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মন্তব্য করেন। তিনি তরুণ অ্যাথলেটদের বিকেএসপিতে উপস্থিতিকে তরুণ্য মেলা বলে অভিহিত করেন এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনীরুল ইসলাম, বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ ইমরান হাসান ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিযোগিতার শুরুতেই বিকেএসপি’র অ্যাথলেটরা তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করেন। প্রথম দিন সকালে বালিকা ৮০০ মি. ইভেন্টে বিকেএসপি’র সুমাইয়া ও সুহানা আক্তার প্রথম ও দ্বিতীয় এবং নেপালের আসমিতা ভূজেল তৃতীয় স্থান অর্জন করেন। বালক ৮০০ মি. ইভেন্টেও বিকেএসপির নিয়ামুল শেখ প্রথম, সামি ইসলাম সানি দ্বিতীয় এবং রাজশাহীর ইফাদ আলী তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও দেশের সব বিভাগীয় দল ও নেপালের একটি দল অংশগ্রহণ করছে। দু’দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫০ জন অ্যাথলেট ২৫টি ইভেন্টে ৭৫টি পদকের জন্য মুখোমুখি হবে।

আগামীকাল বুধবার এ প্রতিযোগিতা শেষ হবে। এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। প্রতিযোগিতায় তারুণ্যদ্বীপ্ত অ্যাথলেটদের অংশগ্রহণে উৎসবমূখর হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনের নিউক্লিয়াসখ্যাত বিকেএসপি।

আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে মোশাল প্রজ্জ্বলন করেন-১৫ বারের দ্রুততম মানবী রেকর্ডধারী অলিম্পিয়ান অ্যাথলেট শিরিন আক্তার ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত এবং এশিয়ান ইন্ডর গেমস্ ৪০০ মিটার প্রিন্টে সিলভার প্রদক অর্জনকারী জহির রায়হান।