বগুড়ায় এক বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন অপর বন্ধু। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় আকন্দ (২১) ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।
জানা যায়, নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিল। মাদক সংক্রান্ত ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার জানান, সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুকে নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এ সময় হৃদয় বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি জানান, তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।



