খুলনার পাইকগাছার গড়ুইখালী এলাকা থেকে হুরায়রা (১১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে সোমবার রাতে উপজেলার গড়ুইখালী এলাকায় এ ঘটনা ঘটে।

হুরায়রা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন হুমায়রা সোমবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল। তার মা রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি পান খাওয়ার উদ্দেশে ঘরে গিয়ে দেখেন হুরায়রা গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।