বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর কালিগঞ্জের তারালী চৌরাস্তা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সেনা ও পুলিশের চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ আব্দুল আজিজসহ তিনজন আহত হয়েছেন। বর্তমানে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলের আশেপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। এরই ধারাবাহিকতায় গত সোমবার তারালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে বিজয় মিছিল বের করে। অন্যপক্ষ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। একপর্যায় তারালী চৌরাস্তা মোড় এলাকায় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল ছুড়তে থাকে এবং ছয়/সাতটি মোটরসাইকেল এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের উপস্থিতিতে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহত একজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত উপজেলা সদরের ফুলতলা মোড় থেকে বাসটার্মিনাল ও আশপাশের এককিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
অনজা মণ্ডল বলেন, ‘প্রাথমিকভাবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এ আইন বহাল থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।