নরসিংদীর পলাশ ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার নেতৃত্বে সাবেক সেনা সদস্যের বাড়িসহ তিন বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জিনারদী ইউনিয়নের চরপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তিনটি বাড়ির নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্থতরা হলেন, চরপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য আমজাদ হোসেন, হেলেনা বেগম ও সুব্রত দাস।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, সকালে বাড়ির পাশের একটি গাছ কাটা নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার এক সমর্থকের সাথে প্রতিবেশী ফাহাদ হোসেনের ঝগড়া হয়। এর জের ধরে দুপুরে ফিরোজ মোল্লার নির্দেশে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমজাদ হোসেন, হেলেনা বেগম ও সুব্রতের বাড়িতে হামলা চালায়।
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা জানান, হামলার ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।



