লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে লোকজন টের পাওয়ায় তারা পালিয়ে যায়।
সোমবার রাত ১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের টাকা খোয়া গেছে কি না তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোয়া গেছে কি না তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সম্পন্ন হলে বিস্তারিত তথ্য জানানো হবে।