নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের (ইসি) হাতে নয়। এটা পুরোটাই সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও ডিগ্রি কলেজের হলরুমে ভোটার হালনাগাদ-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।
এই ইসি বলেন, আমাদের আগামী নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই হবে স্বচ্ছ। আমরা যদি একটা স্বচ্ছ পাত্র উপহার দিতে পারি তবে সেই পাত্রে যে পানিই রাখা হোক না কেন তা স্বচ্ছ রং ধারণ করবে। আগের বাস্তবতা থেকে আমরা সতর্ক আছি এবং সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নির্বাচনের বিষয়ে ইসি কাজ করছে।
সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন, সংস্কার কার্যক্রম চলমান। জেলা উপজেলাসহ নির্বাচন পরিচালনায় সব ক্ষেত্রে সংস্কার করা হবে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে যেকোনো সময় দিনক্ষণ ঠিক হতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেই সময় চূড়ান্ত করবে ।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।