চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ‘বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ’ (বেপজা) ১১৩৮.৫৫ একর জমি বরাদ্দ পায়। জমি পেয়ে দ্রুত কাজ শুরু করে তারা। গত ডিসেম্বর পর্যন্ত ৪১টি শিল্প প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিয়েছে বেপজা। এগুলোর মধ্যে ৩০টি চীনা প্রতিষ্ঠান। এ ছাড়া উৎপাদনে যাওয়া তিনটি প্রতিষ্ঠানও চীনের।
বেপজা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর) ১১৫০ একর জমি বরাদ্দ পায় বেপজা। ওই বছরের ২৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। ২০১৯ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেপজাকে ১১৩৮.৫৫ একর জমি বুঝিয়ে দেয়। এরপর ওই জমিতে ৫৩৯টি প্লট তৈরি করা হয়। গত ১০ ডিসেম্বর পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানকে ২৪৪টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ৩০টি চীনা প্রতিষ্ঠান। এ ছাড়া উৎপাদনের যাওয়া সবকয়টি প্রতিষ্ঠানই চীনের। প্রতিষ্ঠানগুলোর মধ্যে খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেড, কেপিএসপি সুজ বাংলাদেশ, পেংকুইন, এসবিএস জিপার, ভেনাস বিউটি, পেনগুইন কম্পোসাইট ম্যাটারিয়ালস, উডগুড ঢাকা, ইয়াংচেন বিডি, মিনতা বাংলাদেশ, বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেড উল্লেখযোগ্য। ৪১টির প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি প্রতিষ্ঠান কারখানা নির্মাণকাজ শুরু করেছে। উৎপাদনে গিয়েছে তিনটি। ইতোমধ্যে সাতটি প্রতিষ্ঠান ২৫.৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এ ছাড়া উৎপাদনের অপেক্ষায় রয়েছে আরো তিনটি শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- মিনতা বাংলাদেশ, গুড উড ঢাকা, ইয়াংচেন বিডি। উৎপাদনের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোও চীনের।
সরেজমিনে বেপজা এলাকায় গিয়ে দেখা গেছে, উৎপাদনে যাওয়া চীনা কোম্পানি খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেডের কারখানায় দুই সহস্রাধিক শ্রমিককাজ করছে। প্রতিষ্ঠানটি নারীদের বিভিন্ন পোশাক ও ফোম উৎপাদন করে থাকে। এ ছাড়া সর্বশেষ গত ১২ ডিসেম্বর চীনা প্রতিষ্ঠান এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি কারখানা নির্মাণকাজ শুরু করে। এ সময় এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানির গ্লোবাল সিইও মি. শু জিয়াং মেং বলেন, আমরা বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৩ হাজার বর্গ মিটার জমি বরাদ্দ নিয়েছি। এখানে ছয়টি কারখানায় বছরে ২৭১ মিলিয়ন পিস মের্টাল, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের জিপার উৎপাদন করা হবে।
এ দিকে গত ১০ ডিসেম্বর চীনা প্রতিষ্ঠান প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেডের সাথে চুক্তি করে বেপজা। প্রতিষ্ঠানটি ব্যাটারির প্লেট উৎপাদন করবে। ১ কোটি ২০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে কর্মসংস্থান হবে ৬০০ মানুষের। তারা বছরে ২০ কোটি ৮০ লাখ পিস ব্যাটারের প্লেট উৎপাদন করবে।
এ বিষয়ে বেপজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত ৪১টি শিল্প প্রতিষ্ঠান জমি বরাদ্দ নিয়েছে। আরো বেশ কিছু প্রতিষ্ঠান চুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ চীনা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিডেট চুক্তিবদ্ধ হয়েছে। নিরাপদ বিনিয়োগের নিশ্চয়তা থাকায় চীনা প্রতিষ্ঠানগুলো বেপজাকে বেছে নিয়েছে।



