জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিশু সাফওয়ান হত্যার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর বিএম কলেজ গেটে এই মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা মামলার সব আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা দেন, ইলিয়াস তালুকদার, রুম্মান হোসেন, জহির রায়হান, সাগর মৃধা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাঁচ বছরের শিশু সাফাওয়ানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর মামলা দায়ের হলেও সব আসামি আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নানামুখী তৎপরতা চলছে। পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। ফালে সুষ্ঠু বিচার পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবিলম্বে সাফওয়ান হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

গত ১৫ জানুয়ারি বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় দাদা বাড়িতে বেড়াতে আসা শিশু সাফওয়ান। নিখোঁজের ১৬ ঘণ্টা পর (১৬ জানুয়ারি) ভোরে তার রক্তাক্ত লাশ রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, শিশু সাফওয়ায়ানকে অপহরণের পর তার হাত ও পা ভেঙে দেয়া হয়েছে। একটি চোখ খুঁচিয়ে খুচিয়ে প্রায় উপড়ে ফেলা হয়েছে। তার অণ্ডকোষ থেতলে দেয়া হয়েছে। কান কেটে দেয়া হয়েছে।

এ ঘটনায় সাফওয়ানের পিতা ইমরান শিকদার গত ১৭ জানুয়ারি গৌরনদী মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ইমরান শিকদার বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।