সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর ট্যানারি গেটের সামনে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সরকার ঘোষিত গ্রেড ১- ৩৪ হাজার ১৬৮ টাকা, গ্রেড ২- ২৮ হাজার ৩৮৮ টাকা, গ্রেড ৩- ২৪ হাজার দুই টাকা, গ্রেড ৪- ২০ হাজার ৯৯৩ টাকা ও গ্রেড ৫- ১৮ হাজার এক টাকা এই ৫টি গ্রেড বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ট্যানারি শ্রমিকরা দিনের কার্যক্রম বন্ধ করে এ কর্মসূচি পালন করেন। এ সময় ট্যানারির বেশির ভাগ কারখানায় উৎপাদন বন্ধ থাকে। আন্দোলনরত শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পর পরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি মালিকরা। বিভিন্ন বাহানায় মালিকপক্ষ শুধু কালক্ষেপণই করছেন।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে, প্রতিটি কারখানায় শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা, শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র প্রদান করা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পরিদর্শন কার্যক্রম স্বচ্ছ, কার্যকর ও জোরদার করা। স্থায়ী কাজে কোনো অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয়া যাবে না, মধ্যস্বভোগী বেআইনি কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিকদের কাজ করানো অবিলম্বে বন্ধ করতে হবে, দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিক ছাঁটাই ও টারমিনেশন বন্ধ করতে হবে।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক নয়া দিগন্তকে জানান, মালিকদের প্রস্তাবিত ৫টি গ্রেটের ন্যূনতম মজুরি আদায়ের দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছে তা থেকে পিছ-পা হওয়ার কোনো সুযোগ নেই। মালিক পক্ষ তা না দেয়ার জন্য নানা টালবাহানা করছেন।