ভোলায় বাসচালক ও শ্রমিকদের সাথে ফের সিএনজিচালিত অটোরিকশায় চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়াসহ আগুন দেয়া হয়েছে আরো তিনটি সিএনজিচালিত বেবিট্যাক্সিতে। গতকাল বুধবার বেলা ১১টায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসর্টামিনালে ফের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার রাতে টার্মিনালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসচালক ও শ্রমিকদের সাথে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে সিএনজিচালিত বেবিট্যাক্সি চালকদের। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে দু’টি যাত্রাবাহী বাস ও পাঁচটি সিএনজিচালিত বেবিট্যাক্সিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন শ্রমিক।
এ দিকে বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে জেলার অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছে বাসমালিক সমিতি।
ভোলা পুলিশ সুপার (এসপি) মো: শরীফুল হক বলেন, রাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে সকালে ফের সংঘর্ষ হয়েছে।



