চকরিয়া পৌর এলাকায় আলোচিত স্বামীর হাতে স্ত্রী খুনের ১৫ দিন পর একই ঘটনায় গুরুতর আহত মা পারভিন আক্তারও (৩৫) হাসপাতালে মারা গেলেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।
গত ১৭ জানুয়ারি শুক্রবার চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদরাসাপাড়া এলাকায় স্ত্রী উম্মে হাফসা তাহির (১৯) বাবা সাংবাদিক আবদুল হামিদের বাড়িতে স্বামী শওকত হাসান মেহেদী (২২) হাফসার ওপর হামলা চালায়। এ সময় ঘাতক স্বামী হাসান তার স্ত্রী হাফসাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় হাফসার মা তার মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে ঘাতক হাসান তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঘাতক স্বামী হাসানকে পার্বত্য লামা উপজেলা বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন ধরে থানায় সোপর্দ করে দেন।
নিহত উম্মে হাফসা তাহি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদরাসাপাড়া এলাকার সাংবাদিক আবদুল হামিদের মেয়ে। তার স্বামী ফাঁসিয়াখালী ইউনিয়নের আজম উল্লাহ পাড়ার আবুল হাসেমের ছেলে শওকত হাসান মেহেদী।
চকরিয়া থানা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।



