মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালপাড় ঘোষনগর (৮ নম্বর ওয়ার্ড) গ্রামবাসীর আয়োজনে সৈকত মাহমুদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নিহত সৈকত মাহমুদ চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত ফজল হকের ছেলে।
মানববন্ধন পরবর্তী একটি বিক্ষোভ মিছিল খুনিদের গ্রেফতার ও ফাঁসি চাই স্লোগান দিতে দিতে খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাজানগর বাজার গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকায় হেলাল বেপারীর ছেলে কাদের বেপারীর সাথে একই এলাকার মৃত ফজল হকের ছেলে সৈকত মাহমুদের সাথে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত মাহমুদ গুরুতর জখম হন। গত ২৬ জানুয়ারি রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।