কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লা হেল বাকী ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেক জোয়াদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আব্দুল্লা হেল বাকী বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মরহুম আব্দুল্লা খন্দকারের ছেলে। অপরজন, খালেক জোয়াদ্দার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভির গ্রামের মরহুম নুরুল জোয়াদ্দারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশত্যাগের পর তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার তারা এলাকায় ফিরেছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।