মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ বলেছেন, রাস্তাঘাট নির্মাণসহ সব সরকারি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জের খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রশিদ আরো বলেন, দেশের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। পাশাপাশি দেশের আইন-কানুন মেনে চলতে হবে। তাহলে এ দেশ শান্তির দেশ হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অণুজা মণ্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুর জামান রাকিব প্রমুখ।
সভা শেষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে ১২০ জন দুস্থ পরিবারকে কম্বল প্রদান করা হয়।