পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় তিন ছাত্রশিবির নেতা আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত তিন শিবিরকর্মীকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকালে বালিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত শিবির নেতৃবৃন্দ।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং ইউনিয়ন উপশাখা সভাপতি রিয়ান খান একত্রে বালিপাড়া বাজার থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। তারা চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসার সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগ নেতা আরিফ, জাবের, রাকিব, জুয়েল এবং হাসিবসহ সাত-আটজন অতর্কিত হামলা চালায় শিবির নেতাদের ওপর। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রসীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহত শিবির নেতাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন জানান, এ ব্যাপারে আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।
ইন্দুরকানী থানা ওসি মারুফ হোসেন জানান, অভিযোগ পেলে মামলা নেবো।



