মুন্সীগঞ্জ সদরের মেঘনা তীরের গ্রামে প্রতিপক্ষের হাতে অন্তঃসত্ত্বা নারী পিংকি আক্তার (২০) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকাত বাহিনীর ১২ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সদর থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ। গুলিবিদ্ধ পিংকি আক্তারের স্বামী সম্রাট হোসেন বাদি হয়ে ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো সাতজনের নামে এ মামলাটি দায়ের করেন। সদর থানার ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীর নেতৃত্বে সংঘবদ্ধ গ্রুপ কালীরচর গ্রামের রাজু সরকারের বাড়িতে সকালে হামলা চালায়। এ সময় রাজুকে না পেয়ে তার বোন ৯ মাসের অন্তঃসত্বা পিংকিকে সামনে পেলে তাকে গুলি করে চলে যায়। এতে ওই নারী তার উরুতে গুলিবিদ্ধ হন। জানা যায় পিংকির ভাই রাজু ডাকাত কিবরিয়া মিজির সহযোগী।
জানা যায়, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে দুইদল ডাকাত কানা জহির ও কিবরিয়া মিজির মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হন। এর জের ধরে পরদিন শুক্রবার সকাল আনুমানিক ৯টায় ওই নারী নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ওই অন্তঃসত্বা নারীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন বিকেলে শহরের শ্রীপল্লী এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে এক পুত্র সন্তান জন্ম দেন গুলিবিদ্ধ নারী পিংকি আক্তার (২০)।



