নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। বিগত আন্দোলনে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গতকাল দুপুরে উপজেলার মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলার ১৫৪টি স্কুল, কলেজ ও মাদরাসার কয়েক সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুরাদনগর ছাত্র একতা সঙ্ঘের আয়োজিত ‘স্বপনের মুরাদনগর’ তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ আরো বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনো রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কাজী শাহ আরফিন।
এ ছাড়া বক্তব্য দেন কায়কোবাদের ছোটোভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমির মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম।