দলীয় সম্মেলন স্থগিতাদেশের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুষ্ঠু সমাধানের আশ্বাসে ৬ ঘণ্টা পর হরতাল প্রত্যাহার করে আন্দোলনকারীরা।
শনিবার সকাল সাড়ে ১১টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। এ সময় তিনি জানান, বালিয়াডাঙ্গীর বিষয়টি দলের মহাসচিব সুষ্ঠু সমাধানের আশ্বাস দেয়ার কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে।
এর আগে কাউন্সিল ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শুক্রবার মধ্য রাতে জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী স্বাক্ষরিত এক নোটিশে দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়। এরই জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির।



