ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশপ্রেমিক শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘জাতি তাদেরকে আজীবন স্মরণ রাখবে। শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তাই তাদেরকে নৈতিকতার সর্বোচ্চ শিখরে অবস্থান করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সততা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। শুধু ভালো ফলাফলের দিকে দৃষ্টি সীমাবদ্ধ না রেখে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উপর জোর দিতে হবে। তাহলে আমরা একটি সৎ, দক্ষ, আদর্শবান তরুণ প্রজন্ম উপহার পাব।’

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষকদের গৌরবোজ্জল ভূমিকার কথা স্মরণ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষকরা জাতির যে কোনো দুর্যোগে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আগামীতে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে দেশবাসী প্রত্যাশা করে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কল্যাণরাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।’

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমন্ত্রণে অধ্যাপক মুজিবুর রহমান তানোর উপজেলার মুন্ডমালা মহিলা ডিগ্রি কলেজ, চিনাশো আলিম মাদরাসা, পাচন্দর ও চাঁদপুর দাখিল মাদরাসা এবং চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে জামায়াতের রাজশাহী জেলা সেক্রেটারি মো: গোলাম মুর্তজা, অধ্যাপক জামিলুর রহমান ও মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলার আমির মাওলানা মো: আলমগীর, নায়বে আমির অধ্যাপক আনিসুর রহমান, মুন্ডুমালা পৌরসভার আমির অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।