প্রায় ১৭ বছর আগের পারিবারিক কলহের কারণে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন যুবক জুয়েল মিয়া। এরপর কেটে যায় প্রায় ১৭ বছর। পরিবারের লোকজন ধরেই নিয়েছিলেন হয়তোবা আর বেঁচে নেই জুয়েল। কিন্তু দীর্ঘ ১৭ বছর পর হঠাৎ বাড়ি ফিরে এসে সবাইকে অবাক করে দিলেন মাদারগঞ্জের জুয়েল মিয়া। নিখোঁজের সময় তার বয়স ছিল ২৭ বছর। এখন বয়স তার ৪৪। জুয়েল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব চরপাকেরদহ গ্রামের মৃত মোনাজ প্রামাণিকের পঞ্চম সন্তান। পেশায় কাঠ মিস্ত্রি।
জুয়েল মিয়াকে ফিরে পেয়ে মহাখুশি তার পরিবারের সদস্যরা। গত শনিবার রাতে বাড়ি ফিবেন জুয়েল মিয়া। জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারিবারিক কলহের কারণে স্ত্রীকে তালাক দেন জুয়েল। তার স্ত্রী দুই সন্তান রেখে অন্যত্র সংসার শুরু করেন। পরের বছর জুয়েল মিয়া তার বড় ভাই মোতাহারের সাথে ঝগড়া বিবাদ করে অভিমানে দুই সন্তান রেখে বাড়ি ছেড়ে চলে যান। পরিবারেই বাবা-মা হারা অবস্থায় বেড়ে ওঠে ওই দুই সন্তান।



