রাজশাহীর দামকুড়া থানার কসবা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে দু’আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দামকুড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহীর দিক থেকে একটি অটোরিকশা গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে ঢাকাগামী একটি বাস রাজশাহীর দিকে আসছিল। পথে দামকুড়া থানা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বাস ও অটোরিকশা উভয়ের গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় অটোরিকশাচালকসহ নয়জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক হাসপাতালের মিডিয়া সেলের মুখপাত্র ডা: শঙ্কর কুমার শাহা গণমাধ্যমকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে পাঁচজনকে রামেক হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর আর বাকি দু’জনের অবস্থা ভালো আছে। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই দু’জন মারা গেছেন। তাদেরকে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এ বিষয়ে পুলিশের সহযোগিতা নেয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করা গেলে নিয়ম অনুযায়ী তাদের লাশ বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করে তাদের মারধর করে পুলিশে দেন এবং বাসটি আটকে রাখেন স্থানীয়রা।
এ ব্যাপারে দামকুড়া থানার অফিসার ইনচার্জ ও তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাই আইনিপ্রক্রিয়ার বিষয়ে কিছু জানা যায়নি।



