দিনাজপুরের বিরামপুরে পাথর বোঝাই একটি ট্রাক রেলক্রসিংয়ের লাইনের উপর উঠে গেলে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও সহকারী নিহত হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে শহরের ঘোড়াঘাট রেলগুমটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার ভোজনপুর গ্রামের শুকুর আলীর ছেলে মাহাবুুব হোসেন এবং সহকারী একই গ্রামের আশরাফুলের ছেলে আরিফুল ইসলাম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত ১টার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময়ে দ্রুতগামী একতা এক্সপ্রেস ট্রেনটি চলে এলে সজোরে ট্রাকটিকে ধাক্কা দিলে পাথর বোঝাই ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পশ্চিম দিকে ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। সে সময় রেলক্রসিংয়ের গেটম্যান আবদুর রহমান ঘুমিয়ে ছিলেন। ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানা ওসি ফখরুল ইসলাম জানান, তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



