গত বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের অব্যয়িত প্রায় পাঁচ কোটি টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। ২০২৪ সালে ফরম পূরণের পর যেসব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়নি সেসব বিষয়ের ফিস বাবদ এ টাকাগুলো জমা নেয়া হয়েছিল।
২০২৪ সালে যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৭৪টি কলেজ থেকে এক লাখ ২৪ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। ফরম পূরণ বাবদ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে তত্ত্বীয় বিষয়ে প্রতি পত্রের জন্য ৪০ ও ব্যবহারিকে প্রতি পত্রে ৪৫ টাকা করে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ছয়টি পত্রে পরীক্ষা গ্রহণ করা হয়নি। বিজ্ঞান বিভাগে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়নি আটটি পত্রে। এছাড়া, মানবিক ও বাণিজ্য বিভাগে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়নি দু’টি পত্রে। সেই হিসাবে বিজ্ঞান বিভাগে তত্ত্বীয় ছয়টি পত্রে ৪০ টাকা করে ২৪০ টাকা এবং ব্যবহারিক আটটি পত্রে ৪৫ টাকা করে ৩৬০ টাকা মিলে মোট ৬০০ টাকা প্রত্যেক পরীক্ষার্থীকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে তত্ত্বীয় বিষয়ে গ্রহণ করা ফিসের টাকা ফেরত দেবে বোর্ড আর ব্যবহারিক বিষয়ে ফিসের টাকা ফেরত দিবে নিজ নিজ কলেজ।

পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর আব্দুল মতিন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, যেসব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়নি সেসব বিষয়ের ফরমপূরণের অর্থ ফেরত পাবে পরীক্ষার্থীরা। আর এই অর্থ গ্রহণ করতে হবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অর্ধেক বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগম বলেন, যেহেতু কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়নি। এ কারণে আন্তঃবোর্ড গ্রহণ করা ফিস ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে যশোর বোর্ডও গ্রহণ করা ফিসের টাকা ফেরত দেবে।