নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ কমিশন দায়িত্ব নিয়েছে সত্যিকার অর্থে একটি অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। তিনি বলেন, যেসব কারণে জুলাই-আগস্টের অবতারণা হয়; তার মধ্যে অন্যতম ছিল ভোটের অধিকার হারিয়ে যাওয়া। বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছে। অপর পাশে রয়েছে সন্তানদের রক্ত। কাজেই একটি অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এ কমিশন দায়বদ্ধ। গতকাল সোমবার রাজশাহীতে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সুপারভাইজারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন।