বগুড়ার ধুনটে চার মামলার আসামি স্থানীয় মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে স্থানীয় সাবেক এমপি ও বিএনপি নেতা গোলাম মো: সিরাজের গাড়িবহরে হামলা চালিয়ে ভাংচুর, উপজেলা বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের মারপিট, আসাদুল ইসলাম নামে এক বিএনপি নেতার ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা ও তার মাছের ঘেরের পাশে একটি টিনের ঘরে অগ্নিসংযোগ ও মালামাল চুরিসহ চার মামলার এজাহারভুক্ত আসামি মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক।

আরো জানা যায়, মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিকের নামে নাশকতা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগসহ চার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে বগুড়া আদালতে পাঠানো হয়।