কুষ্টিয়ার-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের অফিসে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার পাবলিক লাইব্রেরির সামনে এই এমপির অফিসে হামলা করা হয়। রাতে ওই অফিসটি পুরোপুরি ভাঙতে না পারায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুনরায় হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দেয়া হয়।

পরে কুমারখালী পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পদ্মপুকুর ঘাট-সংলগ্ন এলাকায় ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুর ব্যবসাপ্রতিষ্ঠান হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র বলেন, ‘পাপ্পুর দোকানের মালামাল তার পরিবারের লোকজনকে ডেকে বুঝিয়ে দেয়া হয়েছে।’

উল্লেখ্য, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেয়ায় সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। যার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িসহ সারা দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অফিস ও বাড়িঘর ভাঙচুর করে ছাত্র-জনতা।