ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের বরাইল বিলের খালের বক্স কালভার্টের মুখটি মাটিচাপা দিয়ে বন্ধ করে দিচ্ছে একটি প্রভাবশালী মহল। এলাকাবাসীর দাবি, খালটি ভরাট হলে ওই এলাকায় বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হবে। তারা জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে খাল ভরাটের কাজ বন্ধের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিন দেখা যায়, মহাসড়কের ওপর বরাইল বিলের খালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পুরনো একটি বক্স কালভার্ট রয়েছে। সম্প্রতি নাসির গ্রুপের নামে কতিপয় প্রভাবশালী কীর্তনখোলা বিলটি বালি দিয়ে ভরাট শুরু করে এবং পর্যায়ক্রমে খালটির মুখে মাটিচাপা দিয়ে বন্ধ করে দিচ্ছে, যা ওই এলাকার কীর্তনখোলা, গড়াইল ও কেচুরগুনাসহ বেশ কয়েকটি বিলের পানি নিষ্কাশনের অন্যতম একটি মাধ্যম।
বালি সরবরাহকারী ও স্থানীয় বিএনপির নেতা মফিজুল ইসলাম দুলা চৌধুরীসহ বিলপাড়ের কয়েকজন বাসিন্দার সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে জানান, খাল ভরাটকারীরা প্রভাবশালী হওয়ায় তারা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তবে খালটি ভরাট হয়ে গেলে আশপাশের বেশ কয়েকটি বিলের পানি নিষ্কাশনে কোনো পথ থাকবে না। ফলে এ এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হবে। তারা খালের মাটি সরিয়ে নিয়ে পানি সরবরাহে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সরেজমিন আরো দেখা গেছে, একসাথে কয়েকটি ট্রাক দিয়ে মাটি এনে খালটি ভরাটের কাজ চলছে এবং এস্কেভেটর দিয়ে মাটি সমান করা হচ্ছে। এ সময় এস্কেভেটর চালককে জিজ্ঞেস করলে তিনি তাদের মাটি ফেলা অব্যাহত আছে বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ চোখে পড়েনি।



