দীর্ঘ ১৭ বছর পর কক্সবাজারে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান। নতুন প্রেক্ষাপটে অনুষ্ঠেয় এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্মেলনে কয়েক লাখ কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতির আশা করছেন জেলা জামায়াতের নেতারা। আজ সকাল ৯টায় কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কর্মী সম্মেলন শুরু হবে।
জেলা জামায়াত নেতারা জানান, ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে জেলা শহরে এবং উপজেলাসহ প্রতিটি জনপদে এখন প্রতিদিনই মিছিল মিটিং ও প্রস্তুতিমূলক সভা হয়েছে।
জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আশা করছি সম্মেলনে ব্যাপক জনসমাগম হবে এবং এটি শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা জেলা, পুলিশ প্রশাসন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সব অংশীজনের নিকট সহযোগিতা কামনা করছি।